Views Bangladesh Logo

১৫ বছর পর পর বাধ্যতামূলক হতে পারে এনআইডি নবায়ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে সেটি বাধ্যতামূলকভাবে নবায়ন করতে হতে পারে। নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্য হালনাগাদ ও নির্ভুল রাখতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যতে এই বিধান কার্যকর করার বিষয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা বলছেন, দীর্ঘ ১৫ বছরে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপসহ বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন, স্থায়ী শারীরিক পরিবর্তন কিংবা অন্যান্য কারণে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ধারা ২ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি দিয়ে কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।

এছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের জন্য নাগরিক বা তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা নির্বাচন কমিশনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

সরাসরি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি জমা দিয়ে রসিদের কপি সংযুক্ত করে আবেদনপত্র 'জরুরি' অথবা 'সাধারণ' হিসেবে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করলে একইভাবে ফি পরিশোধের পর রসিদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। 'জরুরি' আবেদন নির্বাচন কমিশনে এবং 'সাধারণ' আবেদন স্থানীয় নির্বাচন কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদনকারীর কাছে গ্রহণপত্র প্রদান করবেন। অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রে সেটি মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।

বর্তমান বিধিমালা অনুযায়ী, সাধারণ আবেদন নিষ্পত্তির সময় ৩০ দিন এবং জরুরি আবেদন ৭ দিনের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা। অন্যদিকে, এনআইডি হারিয়ে গেলে বা প্রতিস্থাপন করতে হলে ফি তুলনামূলক বেশি। প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা এবং জরুরি আবেদনে ৩০০ টাকা দিতে হয়। দ্বিতীয়বার যথাক্রমে ৩০০ ও ৫০০ টাকা এবং পরবর্তী প্রতিবার সাধারণের জন্য ৫০০ টাকা ও জরুরির জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে প্রয়োজন হলে যেকোনো নাগরিক আবেদন করে এনআইডি নবায়ন বা নতুন কার্ড সংগ্রহ করতে পারেন।

অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, বিষয়টি এখনো পর্যালোচনাধীন। আইনগত, কারিগরি ও প্রশাসনিক সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নির্দিষ্ট সময় পরপর জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করা বাধ্যতামূলক হবে, যা পরিচয় যাচাই ব্যবস্থাকে আরও আধুনিক ও নির্ভুল করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ