ফেসবুক–ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার–প্রচারণা পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, এ বিষয়ে একটি নির্দেশনামূলক চিঠি সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট কিংবা প্রার্থীর পক্ষে অন্য কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে।
এ ছাড়া বিধিমালা, ২০২৫-এর বিধি ২২(২)-এ বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনসংক্রান্ত কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রদান, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের প্রচার–প্রচারণার ব্যয় সংশ্লিষ্ট প্রার্থীর সামগ্রিক নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে গণ্য হবে। এসব ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার–প্রচারণায় যে ব্যয় হবে তা অবশ্যই নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে।
এমতাবস্থায়, আচরণ বিধিমালায় উল্লিখিত সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কোন রাজনৈতিক দল বা প্রার্থী কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে—সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে