ব্যালট পেপার পাঠানো শুরু জেলায় জেলায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম ভিউজ বাংলাদেশকে জানান, গত রোববার ঢাকা থেকে ১৩টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। এছাড়া সোমবার আরও ৮টি জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে। রোববার যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে সেগুলো হলো—মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও আরও একটি জেলা। আর সোমবার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ সম্পন্ন হওয়ার পর সেগুলো পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সামগ্রী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটগ্রহণের আগের দিন কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।গণভোটের ব্যালট পেপার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে পাঠানো হয়েছে।’
ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে