জাতীয় সংসদের চিঠি পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: ইসি মাছউদ
জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, সংসদের তরফ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন পুরো বিষয়টি বিচার-বিশ্লেষণ করবে। সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে তার আসন শূন্য হওয়ার অর্থাৎ এমপি পদ বাতিলের বিধান রয়েছে। তবে কোনো রাজনৈতিক দল তাদের সদস্যকে দল থেকে বহিষ্কার করলে সেই কারণে সংবিধান অনুযায়ী উক্ত সদস্যের এমপি পদ বাতিলের কোনো আইনি সুযোগ নেই। এই বিষয়ে কেবল স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ চিঠি পাঠালে নির্বাচন কমিশন আইনি প্রক্রিয়ায় পদ পদক্ষেপ গ্রহণ করতে পারে।
তিনি আরও বলেন, সংসদ থেকে নির্দিষ্ট নির্দেশনা সংবলিত চিঠি এলেই নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।
এর আগে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে।
তদন্তে ঘটনাটি ‘নৈতিক স্খলন’ হিসেবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে সেই সিদ্ধান্তের কথা জানায় জামায়েত ইসলামী।
এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি মাছউদ বলেন, সরকারের সঙ্গে কোনো প্রকার দূরত্ব ছাড়াই সমন্বিতভাবে কাজ করছে নির্বাচন কমিশন। চলতি বছরের অক্টোবর মাসকে লক্ষ্য করে তারা স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়েই এই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন।
তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং আনুষঙ্গিক গুরুত্ব বিবেচনা করে অত্যন্ত সুচিন্তিতভাবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
মতামত দিন