কঙ্গো-উগান্ডায় ইবোলা ভাইরাসে ৮০ জনের মৃত্যু, ২৪৬ আক্রান্ত
আফ্রিকার মধ্য ও পূর্বাঞ্চলে নতুন করে স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া নতুন প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে।
আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্ত হয়েছেন।
সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে স্বর্ণখনি অধ্যুষিত মঙ্গবওয়ালু ও রওয়াম্পারা শহরে। জনসমাগম ও শ্রমিকদের চলাচল বেশি হওয়ায় সেখানে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ডিআর কঙ্গোর বাইরে উগান্ডাতেও সংক্রমণের ঘটনা নিশ্চিত হয়েছে। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ডিআর কঙ্গো থেকে আসা ৫৯ বছর বয়সী এক ব্যক্তি ইবোলায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা গেছেন। পরীক্ষায় তার শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়।
আফ্রিকা সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এর মধ্যে মাত্র চারজনের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতেও নতুন সন্দেহভাজন সংক্রমণের তথ্য মিলেছে, যদিও সেগুলোর পরীক্ষার ফল এখনো আসেনি।
স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বুনিয়া ও রওয়াম্পারার মতো ঘনবসতিপূর্ণ শহর এবং মঙ্গবওয়ালুর খনিশ্রমিকদের চলাচলের কারণে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
যদিও কঙ্গো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে প্রাদুর্ভাব ঘোষণা করেনি, আফ্রিকা সিডিসি জানিয়েছে যে ডিআর কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদান ও আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি বৈঠক চলছে। সেখানে প্রতিরোধ ব্যবস্থা জোরদার ও সীমান্ত নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে।
গত পাঁচ দশকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ডিআর কঙ্গোর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব ঘটে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, যখন প্রায় ২ হাজার ৩০০ মানুষ মারা যায়। এছাড়া গত বছর দেশটির কাসাই প্রদেশে আরেকটি প্রাদুর্ভাবে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।
১৯৭৬ সালে বর্তমান ডিআর কঙ্গো অঞ্চলে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয়। ধারণা করা হয়, বাদুড় থেকে মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে। বর্তমান প্রাদুর্ভাবটি দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে