Views Bangladesh Logo

ব্যারিস্টার ফুয়াদকে ‘উন্মাদ’ ছাড়া কী বলব: দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘তাকে আমরা উন্মাদ ছাড়া কী বলব?’

শুক্রবার একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিষ্ঠানটির অবদান অস্বীকার করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রসংগঠনই বিভিন্ন সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ইতিহাস অস্বীকার করা যায় না।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে দুদু বলেন, বিরোধী দল হিসেবে সবাই নিজ নিজ আদর্শ অনুযায়ী রাজনীতি করবে। কিন্তু জামায়াতে ইসলামী সরকারের বিভিন্ন ইস্যুর পরিবর্তে জুলাই আন্দোলনকে সামনে এনে ভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে।

এর আগে এক বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ থাকলে দেশের কী ক্ষতি হবে? বাংলাদেশে ফ্যাসিস্ট, টাউট ও বাটপার তৈরি করেছে এই প্রতিষ্ঠান। রাষ্ট্রের ক্ষতির দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

ওই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফুয়াদের ব্যঙ্গচিত্রে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ