হাজারীবাগের ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ঢাকার হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সীমান্ত (২৫)। তিনি ঢাবির রসায়ন (কেমিস্ট্রি) বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্বজনদের তথ্য অনুযায়ী, সীমান্ত নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সদরুল আমিন। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।
নিহতের চাচা রুহুল আমিন জানান, গত রাতে প্রায় ৯টার পর থেকে তিনি নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।
তিনি আরও দাবি করেন, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। পরিবারের ধারণা, তিনি বিষাক্ত কিছু সেবনের মাধ্যমে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং হাজারীবাগ থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে