ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার অভিযোগ, ডাকসুর প্রতিবাদ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বামপন্থী ছাত্রনেতাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ পুলিশ কোনো প্রমাণ ছাড়াই ঢাবির শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দীনের ওপর হামলা চালিয়েছে। এতে ডিসি মাসুদের নির্দেশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রমাণ ছাড়া একজন সাধারণ নাগরিককে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টার তীব্র নিন্দা জানানো হচ্ছে। পুলিশ বাহিনীর নামে আতঙ্ক সৃষ্টি করে নাগরিকের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকার খর্ব করার অভিযোগও তোলা হয়। বৈধ কারণ ছাড়া শারীরিকভাবে আঘাতের ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ডাকসু।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসি মাসুদসহ ঘটনার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে