Views Bangladesh Logo

ঢাবির ভর্তি আবেদন শুরু ১৮ ডিসেম্বর, পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১৮ ডিসেম্বর, শেষ হবে ৫ জানুয়ারি। আগামী ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, পহেলা মার্চ বিজ্ঞান ইউনিট ও ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়ম অর্থাৎ আবেদন যোগ্যতা, বিভাগ পরিবর্তন, প্রশ্নপত্র ও নম্বর বিভাজন সবকিছু আগের মতোই অপরিবর্তিত থাকবে।

পূর্বের নিয়মানুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত এবং এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট করে। চারুকলা ইউনিটে ৪০ (সাধারণ জ্ঞান) নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৬০ (অঙ্কন) নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুমুখী নির্বাচনী অভীক্ষার (এমসিকিউ) জন্য সময় থাকবে ৩০ মিনিট ও লিখিতের জন্য সময় থাকবে ৬০ মিনিট। ভর্তি পরীক্ষা গত বছরের মত ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ