Views Bangladesh Logo

ঢাবিতে তরুণীদের হেনস্তার অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই তরুণীকে হেনস্তার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ভোররাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে সিসিটিভি ক্যামেরায় নারীদের লাঠি দিয়ে আঘাত করার দৃশ্য দেখা না গেলেও এক পুরুষকে হেলমেট দিয়ে আঘাত করার দৃশ্য দেখা গেছে বলে তিনি জানান।

ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে বাঁশ নিয়ে এক তরুণীকে লাথি দেওয়ার চেষ্টা করছেন। এ সময় এক তরুণীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা সেইফ না। ৫ অগাস্টের পর আমরা সেইফ না। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে নাকি লেখা আছে যে আমরা প্রস্টিটিউট।’

আরেক তরুণী বলেন, আমরা নাজিরাবাজার থেকে সেহরি করে এসে টিএসসিতে দাঁড়াইছি। আমার রাইডারকে থাপ্পড় দিছে। আমাদের প্রস্টিটিউট বলতেছে। ওরা পারে মেয়েদের গায়ে হাত তুলতে?

ভিডিওর একপর্যায়ে কেউ ‘কোনো প্রমাণ নাই’ বললে তরুণীরা সিসিটিভি ফুটেজ থাকার কথা উল্লেখ করেন।

অভিযোগ ওঠা দুই তরুণই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের একজন শাহরিয়ার ইসলাম তুষার থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র ও বিজয় একাত্তর হলের আবাসিক। অপরজন রাকিব আহমেদ সোহান বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

শাহরিয়ার ইসলাম তুষার অভিযোগ অস্বীকার করে বলেন, তরুণীদের সঙ্গে আসা দুই ছেলের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছে, তবে কোনো নারীর গায়ে হাত তোলেননি।

তার দাবি, সেহরি খেয়ে আসার পথে টিএসসিতে তাদের ‘বাজে অবস্থায়’ দেখে পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় নারীদের সঙ্গে থাকা দুই তরুণ প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ