ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংঘর্ষের ঘটনাগুলোকে আপনারা কীভাবে দেখছেন-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এগুলোতো অনাকাঙ্ক্ষিত। এগুলো এভয়েড করার জন্য আমাদেরে আরও বেশি উদ্যোগ নেয়ার চেষ্টা করব।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যা করলে এটা সমাধান হবে, সেটা করার চেষ্টা করব।
অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেয়া হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোববার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন তারা।
মতামত দিন