সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সারা বছর খেলাধুলা, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে।
নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট, টেবিল টেনিস, কাবাডি, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, বাস্কেটবল, হকি, গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলা, সাঁতার, অ্যাথলেটিকস, তায়কোয়ান্দো ও মার্শাল আর্ট আয়োজন করতে হবে।
সহশিক্ষা কার্যক্রমের মধ্যে থাকবে হামদ-নাত, বাংলা ও ইংরেজি বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজি বিতর্ক, দেয়ালিকা প্রকাশ, বই পড়া, প্রতিদিন বাংলা ও ইংরেজি সংবাদপত্র পাঠ, সৃজনশীল লেখা, পরিবেশ সুরক্ষা কার্যক্রম, ডিজিটাল কনটেন্ট তৈরি, মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, গণিত অলিম্পিয়াড এবং ‘এক শিশু এক গাছ’ কর্মসূচি।
পরিবেশ সুরক্ষা কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে যোগব্যায়াম ও ধ্যানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে থাকবে আধুনিক, দেশাত্মবোধক, নজরুল, রবীন্দ্র ও লোকসংগীত, বাংলা কবিতা আবৃত্তি, একক অভিনয়, কুইজ, নৃত্য, দেয়ালচিত্র, উৎসব আয়োজন এবং লোকসংস্কৃতি ও ঐতিহ্যবিষয়ক কর্মসূচি ও চিত্রাঙ্কন।
চিঠিতে বলা হয়েছে, এসব খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সারা বছর চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময়ে এসব আয়োজন বাস্তবায়ন করবেন।
এ ছাড়া বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইড, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব অঞ্চল, জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মতামত দিন