শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারিতে মাউশির নতুন কমিটি গঠন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট, মন্তব্য ও কনটেন্ট নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ নামে একটি কমিটি গঠন করেছে অধিদপ্তর।
মাউশির ১৭ আগস্টের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সরকারি নির্দেশিকা ও আচরণবিধি অনুসরণ করা বাধ্যতামূলক। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা, ২০১৯’-এর পরিমার্জিত সংস্করণও রয়েছে।
অধিদপ্তরের আওতাধীন শিক্ষা পরিবারের সদস্যরা এসব নির্দেশনা যথাযথভাবে মেনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন কি না, তা পর্যবেক্ষণ করবে নবগঠিত কমিটি। কোনো শিক্ষক বা কর্মচারীর অ্যাকাউন্টে সরকারি নির্দেশিকার পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য বা নেতিবাচক কোনো কনটেন্ট পাওয়া গেলে তা কমিটির নজরে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, দাপ্তরিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এমন স্ট্যাটাস, মন্তব্য, ছবি, ভিডিও, পোস্ট বা অন্য কোনো কনটেন্ট নজরে এলে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে কমিটির আহ্বায়ককে ই-মেইলে জানাতে হবে। অর্থাৎ কোনো পোস্টের বিষয়ে অভিযোগ জানানোর ক্ষেত্রে প্রাথমিক তথ্য-প্রমাণও সংরক্ষণ করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি ও কর্মস্থলের পাশাপাশি কোন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা প্রোফাইলের লিংক দিতে বলা হয়েছে। একই সঙ্গে পোস্ট বা স্ট্যাটাস প্রকাশের তারিখ ও সময় এবং এর স্ক্রিনশট বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-প্রমাণও পাঠাতে হবে।
মাউশি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মনিটরিং কমিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পথও এতে তৈরি হবে।
মতামত দিন