যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে আহত সিটি করপোরেশনের কর্মী
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত তানজিদের বন্ধু মামুন জানান, সায়েদাবাদ পানির পাম্পের সামনে হঠাৎ ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা তানজিদের বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, তানজিদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমে কর্মরত ছিলেন। তবে কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে যাত্রাবাড়ী এলাকা থেকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে