শর্তভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত, কালোতালিকার সিদ্ধান্ত ডিএসসিসির
কোরবানির ১১টি অস্থায়ী হাটের বর্জ্য অপসারণে শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ না করায় শর্তভঙ্গকারী ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালোতালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি আগামী বছর থেকে হাটের জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে।
রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, ইজারাদারেরা শর্ত অনুযায়ী বর্জ্য না সরানোয় জনভোগান্তি এড়াতে সিটি করপোরেশনকে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করতে হয়েছে, যা সামগ্রিক কার্যক্রমকে কিছুটা শ্লথ করেছিল। জনভোগান্তি তৈরিকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
ডিএসসিসি জানায়, ঈদের দিন থেকে শনিবার (৩০ মে) রাত ১২টা পর্যন্ত মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩৩ হাজার ৯৪২ টনের চেয়ে বেশি। তিন দিনে যথাক্রমে ১৪ হাজার ৮১৪ টন, ৮ হাজার ৯৭৭ টন ও ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়।
এই কর্মযজ্ঞে ডিএসসিসির নিজস্ব কর্মীসহ মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে কাজ করেছেন এবং ৩৮২টি বিশেষ যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি গাড়ি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া তিন দিনে ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে।
নাগরিক সচেতনতা বাড়াতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ১ হাজার ৫০ লিটার স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে।
প্রশাসক আবদুস সালাম বলেন, যাত্রাবাড়ী এলাকায় তীব্র যানজট, যত্রতত্র চামড়া ফেলে রাখা এবং টানা তিন দিন কোরবানির কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটিবিচ্যুতি হয়েছে। এ জন্য তিনি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।
ডিএসসিসি এলাকায় কোথাও বর্জ্য জমে থাকতে দেখলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। সংবাদ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে