ডিএসসিসি নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
মার্কেটে দোকান বরাদ্দ, পরিচালনা ও টেন্ডার কাজে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, গোলাম কিবরিয়া ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) অঞ্চল-৭ এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মার্কেট নির্মাণ সেলের দায়িত্বে ছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে মার্কেট দোকান বরাদ্দ ও পরিচালনাসংক্রান্ত অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে সব দায়িত্ব থেকে বিরত রাখা প্রয়োজন বিবেচনায় এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্ত থাকাকালে তাঁকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত রাখা হয়েছে।
আদেশের অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে