দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ ও মাদকসম্রাট একসঙ্গে থাকতে পারে না: হাসনাত
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদকসম্রাটদের সঙ্গে তার কোনো আপস নেই। দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ ও মাদকসম্রাট একসঙ্গে থাকতে পারে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। আমরা কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে টাকা খাইনি। তাই তাদের কাছে আমরা দায়বদ্ধ নই। কিছু করলে আমাদের জনগণের আদালতে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আগের দিনের অনেক রাজনীতিবিদ নির্বাচনের সময় অবৈধ ব্যবসায়ীদের ওপর নির্ভর করতেন। কিন্তু ১১ দলীয় জোট সাধারণ জনগণের শক্তিতেই রাজনীতি করছে। আমরা জনগণের ওপর নির্ভর করি, মাফিয়া বা কালো টাকার ওপর নয়।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে হাসনাত বলেন, আগামী ১২ তারিখ ইনশাআল্লাহ মাদকসম্রাটদের শেষ দিন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই দেবিদ্বারে মাদক ব্যবসার ইতি ঘটবে। মাদক ও এর সঙ্গে জড়িতদের চূড়ান্ত পরিণতি সেদিনই শুরু হবে।
তিনি বলেন, দেবিদ্বারে বর্তমানে অনেক চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ী দিশেহারা হয়ে পড়েছে। যারা কর্ম করে খাওয়ার অভ্যাস গড়ে তোলেনি, তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করব।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দুটি ভোট দেবেন—একটি শাপলা প্রতীকে, আরেকটি ‘হ্যাঁ’ ভোট। আগামীর বাংলাদেশ ‘হ্যাঁ’ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে