রাজধানীর যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন
রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার পর এবার ড্রোন নজরদারি চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রাথমিকভাবে একটি ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকায় তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে ড্রোনের মাধ্যমে সতর্কবার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ড্রোনে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করে ভিডিও দেখে মামলা করার ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বাসকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, একটি সংস্থা পরীক্ষামূলকভাবে ডিএমপিকে একটি ড্রোন দিয়েছে। সেটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া গেলে যানজটের কারণ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া সহজ হবে।
তিনি বলেন, ড্রোনে শব্দের ব্যবস্থাও থাকবে। কোনো যানবাহন রাস্তায় যানজট সৃষ্টি করলে সেখান থেকেই চালককে সরে যেতে সতর্ক করা যাবে।
তবে ড্রোনের ফুটেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার পর্যায়ে এখনো যায়নি ডিএমপি। প্রথমে ফুটেজ বিশ্লেষণ করে এরপর মামলা করার কথা জানানো হয়েছে। ড্রোন পরিচালনার জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণও শুরু হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ড্রোন ব্যবস্থার পাশাপাশি রাজধানীর ১৫টি ট্রাফিক সিগন্যাল ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির আওতায় আনা হয়েছে। পরীক্ষামূলক ড্রোন ব্যবস্থায় সুফল ও কোনো নেতিবাচক দিক পাওয়া যায় কি না, তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন