Views Bangladesh Logo

কুয়েত বিমানবন্দর ও ইরাকের তেল শোধনাগারে ড্রোন হামলা, অস্বীকার ইরানের

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের রাডার ব্যবস্থার ক্ষতি হয়েছে এবং তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাতে (১৪ মার্চ) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কয়েকটি ড্রোন দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায়। এতে বিমানবন্দরের রাডার ব্যবস্থার ক্ষতি হয়েছে।

এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের লানাস তেল শোধনাগারে ড্রোন হামলার পর আগুন ধরে যায় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ২০০৮ সালে নির্মিত ওই শোধনাগারে আগুন লাগার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সাময়িকভাবে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

এরই মধ্যে শনিবার এক বিবৃতিতে এসব ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ইরান। কুয়েতের রাডার স্থাপনা ও ইরবিলের তেল শোধনাগারে হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে দেশটি।

ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি সামরিক সূত্র হামলাগুলোকে “ফলস ফ্ল্যাগ” বলে উল্লেখ করে জানায়, এর সঙ্গে ইরান বা কোনো প্রতিরোধ গোষ্ঠীর সম্পৃক্ততা নেই। ওই সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায়, যা ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুর বাইরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ