Views Bangladesh Logo

নিরাপত্তা পরিষদে হরমুজ প্রস্তাবের খসড়া চূড়ান্ত, চীন-রাশিয়ার আপত্তি

হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় বাহরাইনের আনা একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখন সেটির ওপর ভোটাভুটি হবে। প্রস্তাবটিতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে প্রয়োজনে বলপ্রয়োগের বিধান রাখা হয়েছে।

কূটনীতিকেরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পরিষদে প্রস্তাবটির খসড়া চূড়ান্ত করে 'ব্লু প্রিন্ট' করা হয়েছে, অর্থাৎ এটি এখন ভোটের জন্য প্রস্তুত।

তবে ভোটগ্রহণের দিনক্ষণ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। দুজন কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোটগ্রহণের কথা থাকলেও জাতিসংঘে সেদিন ছুটি থাকায় তা পিছিয়ে শনিবার সকালে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সময় শুক্রবার সকাল পৌনে দশটার দিকে এএফপি জানিয়েছে, ভোটের জন্য নতুন কোনো তারিখ এখনো ঠিক হয়নি।

প্রস্তাবটি বাহরাইন আনলেও এতে যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় দেশগুলোর সমর্থন রয়েছে। এটি পাস হলে হরমুজে জাহাজ চলাচলে বাধা বা যেকোনো হস্তক্ষেপ প্রতিহত করার অধিকার পাবে সদস্য রাষ্ট্রগুলো। তবে প্রস্তাবে বলপ্রয়োগের বিধান রাখায় ভেটো ক্ষমতাধর চীন সরাসরি বিরোধিতা করেছে। আপত্তি জানিয়েছে রাশিয়া ও ফ্রান্সও।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে কমপক্ষে নয়টি ভোটের প্রয়োজন হয় এবং পাঁচটি স্থায়ী সদস্য দেশের — যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র — কোনোটির ভেটো থাকলে তা পাস হয় না।
ভোটাভুটির আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আক্রমণকারী ও তাদের সমর্থকদের যেকোনো উসকানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি-সংকটে ভোগা দেশগুলোর উদ্দেশে একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে গিয়ে 'নিজেদের তেল নিজেদেরই সংগ্রহ করতে হবে' — মার্কিন বাহিনী এ কাজে কোনো সহযোগিতা করবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ