Views Bangladesh Logo

বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনার মধ্যেই বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গো কোচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনার মধ্যেই আরও বড় ব্যক্তিগত শোকের মুখোমুখি হলেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) প্রধান কোচ সেবাস্তিয়ান দেশাব্রে। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলন চলাকালেই তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন।

বুধবার (২ জুলাই) ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় ডিআর কঙ্গোর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে দলের মিডিয়া কর্মকর্তা ফরাসি ভাষায় কোচের বাবার মৃত্যুর খবর জানান।

মিডিয়া কর্মকর্তা বলেন, আমরা জানাচ্ছি যে কোচ তার বাবাকে হারিয়েছেন। আমরা তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

হঠাৎ এমন সংবাদ শুনে স্তব্ধ হয়ে যান দেশাব্রে। সংক্ষিপ্তভাবে ‘মার্সি’ (ধন্যবাদ) বলে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি।

ফরাসি এই কোচের অধীনেই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় ডিআর কঙ্গো। কঠিন গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে প্রশংসা কুড়ায় দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও শুরুতে চমক দেখায় কঙ্গো। সপ্তম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। তবে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেশাব্রে বলেছিলেন, হতাশার চেয়ে আমরা বেশি গর্বিত। অবশ্যই বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় কষ্ট আছে, কিন্তু আমরা টুর্নামেন্টে পাঁচটি গোল করেছি, উচ্চ র‌্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে ভালো খেলেছি এবং ইতিবাচক ফলও পেয়েছি।

তিনি আরও বলেন, আমরা ইংল্যান্ডকে কঠিন চাপে ফেলেছিলাম। কিন্তু বড় দলগুলোর মতো তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেইনই তাদের রক্ষা করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, জয়ের খুব কাছাকাছি ছিলাম। তাই এই হারকেও আমাদের জন্য এক ধরনের অর্জন বলা যায়।

বিশ্বকাপে ডিআর কঙ্গোর স্বপ্নভঙ্গের দিনই ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন শোকের সংবাদ পাওয়ায় কোচ সেবাস্তিয়ান দেশাব্রের প্রতি ফুটবল অঙ্গন থেকে সমবেদনা জানানো হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ