গ্রিসে উদ্ধার কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশী, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি
গ্রিসের ক্রিট দ্বীপ উপকূল থেকে কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিসরের নাগরিকও রয়েছেন।
গ্রিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। গত ৪৮ ঘণ্টায় লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ক্রিট দ্বীপে পৌঁছেছেন মোট দুই শতাধিক মানুষ।
গ্রিসের সংবাদমাধ্যম দিমোক্রেতিয়া জানায়, কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার সহায়তায় উদ্ধার হওয়া ব্যক্তিদের লেরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাই কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছান। প্রথম দলে থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন। দ্বিতীয় দলে থাকা ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিসরের নাগরিক।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছানোর চেষ্টা বাড়ছে। এই সমুদ্রপথকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবে বিবেচনা করা হয়।
মতামত দিন