Views Bangladesh Logo

গ্যাস-বিদ্যুৎ নিয়ে রাজপথে হুমকি নয়, সংসদে বিকল্প পরামর্শ দিন: রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা বা হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কী করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে আপনারা দীর্ঘ মিছিল করবেন, কর্মসূচি ঘোষণা করবেন—সেটা ঠিক আছে। কিন্তু বিকল্প সমাধানও দিতে হবে। কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা যায়, কোথা থেকে পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে—সে বিষয়ে আপনারা বলুন।

বর্তমান সংকট কাটিয়ে উঠতে বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে বিরোধী সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকারের অংশ। তবে সংকট মোকাবিলায় কীভাবে এগোনো যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়াও প্রয়োজন।

তিনি বলেন, পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে বলে আমি মনে করি না। বরং কীভাবে এই সংকট ঠেকানো যায়, সে বিষয়ে পরিকল্পনা দিতে হবে। অতীতের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে দেশ আরও অন্ধকারের দিকে যাবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক সংঘাত এবং জ্বালানি সরবরাহব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। তার দাবি, বর্তমান সরকারের কোনো ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়নি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনা বিক্ষোভকারীদের মধ্যে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ