Views Bangladesh Logo

সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: দুদু

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় আকার দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

রোববার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অসুস্থ তিন নেতা—মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, একটি মহল দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

দুদু আরও বলেন, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার বহন করছেন। তার মধ্যে প্রতিহিংসার রাজনীতি নেই, বরং এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে। গত ১৮ বছর বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছে।

তিনি বলেন, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, তারা আগের সরকারের সময় সেই সুযোগ পাননি। ফলে নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকলেও সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বিএনপির এই নেতা আরও দাবি করেন, গণ-অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে দেশবাসী বিএনপিকেই গ্রহণ করেছে এবং ভোটের সুযোগ পেলে জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ