Views Bangladesh Logo

ভেজা চুলে ঘুমালে সত্যিই কি সর্দি-জ্বর হয়? যা বলছে বিজ্ঞান

 VB  Desk

ভিবি ডেস্ক

শৈশব থেকে আমাদের প্রায় সবাইকেই এই সতর্কবাণী শুনতে হয়েছে—ভেজা চুলে ঘুমাতে গেলেই নাকি ঠান্ডা লেগে যাবে বা জ্বর আসবে। মায়েরা-দাদিরা এই ভয় দেখিয়েই আমাদের চুল শুকিয়ে ঘুমাতে পাঠাতেন। তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্ন কথা—এই প্রচলিত ধারণাটি আসলে একটি পুরোনো কুসংস্কার মাত্র।

ভারতের শারদাকেয়ার হেলথসিটি-এর ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ড. নীরজ কুমার জানান, সাধারণ ঠান্ডা বা ফ্লু মূলত ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে, ভেজা চুলে ঘুমানোর সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই। শুধু চুল ভেজা থাকার কারণে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়বে—এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

তবে এর মানে এই নয় যে ভেজা চুলে ঘুমানো একটি স্বাস্থ্যকর অভ্যাস। বরং এর ফলে মাথার ত্বক, চুলের গুণগত মান এবং ঘুমের স্বাচ্ছন্দ্যের ওপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘ সময় ভেজা থাকা স্ক্যাল্প একটি উষ্ণ ও আর্দ্র পরিবেশ তৈরি করে, যা ছত্রাক ও ব্যাকটেরিয়ার বংশবিস্তারের জন্য আদর্শ পরিবেশ। বিশেষত যাদের আগে থেকেই খুশকি বা সেবোরিক ডার্মাটাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই অভ্যাস চুলকানি, চামড়া ওঠা ও লালচে ভাব আরও বাড়িয়ে দিতে পারে।

চুলের স্বাস্থ্যের ওপরও এর প্রভাব কম নয়। পানি প্রবেশ করলে চুলের ভেতরের ফাইবার ফুলে যায়, ফলে ভেজা অবস্থায় চুল থাকে সবচেয়ে দুর্বল ও ভঙ্গুর। ঘুমের সময় বালিশের সঙ্গে বারবার ঘষা লেগে চুল সহজে ভেঙে যায়, জট পাকিয়ে যায় এবং ধীরে ধীরে তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে পড়ে। এ ছাড়া ভেজা চুলের স্যাঁতসেঁতে ভাব বালিশে শোষিত হয়ে সেখানে ধুলাবালি ও ক্ষতিকর জীবাণুর জন্ম দিতে পারে, যা পরবর্তীতে অ্যালার্জি বা ত্বকের জ্বালাপোড়ার কারণ হতে পারে। তাপমাত্রা সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে ভেজা ও ঠান্ডা বালিশে দীর্ঘক্ষণ শোয়ার ফলে মাথাব্যথা বা ঘাড়ে অস্বস্তিও দেখা দিতে পারে।

এসব সমস্যা এড়াতে ঘুমানোর আগে চুল সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ড. নীরজ কুমার। তবে সময়ের অভাবে তা সম্ভব না হলে কিছু সহজ উপায় মেনে চলা যেতে পারে—তোয়ালে দিয়ে চেপে চেপে চুলের বাড়তি পানি মুছে ফেলা, প্রয়োজনে হালকা বা মাঝারি তাপে হেয়ার ড্রায়ার ব্যবহার করা, ভেজা চুল শক্ত করে না বেঁধে আলগা রাখা এবং সুতির বদলে সিল্ক বা স্যাটিনের বালিশের কভার ব্যবহার করা, যাতে চুলে ঘর্ষণ কম হয়। পাশাপাশি বালিশের কভার নিয়মিত ধুয়ে রোদে শুকিয়ে পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ