এয়ারপ্লেন মোডে চার্জ দিলে কি সত্যিই ফোন দ্রুত চার্জ হয়? জানুন আসল সত্য
স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত রয়েছে যে, ফোন চার্জে দেওয়ার সময় এয়ারপ্লেন মোড চালু করলে ব্যাটারি অনেক দ্রুত চার্জ হয়। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ পরামর্শ প্রায়ই দেখা যায়। তবে বাস্তবে এর কার্যকারিতা কতটা, তা নিয়ে রয়েছে ভিন্ন চিত্র।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট–এর বিশ্লেষণ অনুযায়ী, এয়ারপ্লেন মোড চালু করলে ফোন কিছুটা দ্রুত চার্জ হয় ঠিকই, তবে সেই পার্থক্য এতটাই সামান্য যে অধিকাংশ ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারে তা প্রায় অনুভূত হয় না।
কেন সামান্য দ্রুত চার্জ হয়?
এয়ারপ্লেন মোড চালু করলে স্মার্টফোনের সেলুলার নেটওয়ার্ক, মোবাইল ডেটা, ওয়াইফাই ও ব্লুটুথের মতো বেতার সংযোগগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে ফোনকে এসব সংযোগ সচল রাখতে অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয় না। এর ফলে চার্জারের সরবরাহ করা বিদ্যুতের সামান্য বেশি অংশ সরাসরি ব্যাটারিতে জমা হয়।
তবে এই সুবিধা খুবই সীমিত। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, সম্পূর্ণ চার্জ হতে গড়ে মাত্র ৪ থেকে ১১ মিনিট পর্যন্ত সময় কম লাগতে পারে।
এয়ারপ্লেন মোডের মূল কাজ কী?
এয়ারপ্লেন মোড মূলত উড়োজাহাজে নিরাপদে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি চালু থাকলে ফোনের সব ধরনের বেতার যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে কল, এসএমএস, মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ এবং বিভিন্ন অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা আদানপ্রদানও বন্ধ থাকে।
অনেকে কিছু সময় নিরিবিলি থাকতে বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন এড়াতেও এই মোড ব্যবহার করেন।
ব্যাটারি সাশ্রয়ে কতটা কার্যকর?
চার্জিংয়ের চেয়ে ব্যাটারি সাশ্রয়ের ক্ষেত্রে এয়ারপ্লেন মোড তুলনামূলক বেশি কার্যকর। চার্জার ছাড়া দীর্ঘ সময় বাইরে থাকতে হলে এটি চালু করলে ফোন বারবার নেটওয়ার্ক খোঁজা বন্ধ করে দেয়। ফলে ব্যাটারির খরচ কিছুটা কম হয় এবং চার্জ দীর্ঘ সময় ধরে টিকে থাকে।
দ্রুত চার্জ করতে কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, এয়ারপ্লেন মোডের ওপর নির্ভর করার চেয়ে ভালো মানের চার্জিং সরঞ্জাম ব্যবহার করাই বেশি কার্যকর। দ্রুত চার্জ নিশ্চিত করতে যেসব বিষয় খেয়াল রাখা উচিত:
* ফোনের সমর্থিত সর্বোচ্চ ওয়াটের চার্জার ব্যবহার করুন।
* ভালো মানের ইউএসবি-সি টু ইউএসবি-সি ফাস্ট চার্জিং কেবল ব্যবহার করুন।
* ওয়্যারলেস চার্জিং ব্যবহার করলে ফোনের সমর্থিত সর্বশেষ মানের চার্জার বেছে নিন।
* চার্জ চলাকালে অপ্রয়োজনীয়ভাবে ফোন ব্যবহার না করাই ভালো।
* স্ক্রিনের উজ্জ্বলতা কম রাখুন এবং ভারী অ্যাপ ব্যবহার এড়িয়ে চলুন।
* এয়ারপ্লেন মোড চালু করা কি উচিত?
খুব জরুরি পরিস্থিতিতে কয়েক মিনিট সময় বাঁচাতে চাইলে এয়ারপ্লেন মোড চালু করা যেতে পারে। তবে এর ফলে চার্জ চলাকালে কোনো কল, মেসেজ বা ইন্টারনেটভিত্তিক নোটিফিকেশন পাওয়া যাবে না। জরুরি যোগাযোগের প্রয়োজন থাকলে এটি সমস্যার কারণ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চার্জিংয়ের সময় ফোন কম ব্যবহার করা, উন্নতমানের চার্জার ও কেবল ব্যবহার করা এবং প্রয়োজন হলে সঙ্গে একটি ভালো পাওয়ার ব্যাংক রাখা এয়ারপ্লেন মোডের ওপর নির্ভর করার চেয়ে অনেক বেশি কার্যকর সমাধান।
মতামত দিন