Views Bangladesh Logo

কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা

দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালে চিকিৎসকসহ সকল কর্মকর্তা-কর্মচারীর শতভাগ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের বেতন স্থগিত রাখা হবে এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেতন বিল দেওয়া যাবে না। এর পাশাপাশি পর্যায়ক্রমে বায়োমেট্রিক ফেস রিকগনিশন (মুখাবয়ব শনাক্তকরণ) প্রযুক্তি চালু করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সিদ্ধান্ত জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যখাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্তের আলোকেই এই নতুন নির্দেশনাগুলো জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকা সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালে পূর্বে স্থাপিত বায়োমেট্রিক মেশিনগুলো সার্বক্ষণিক চালু ও সচল রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার পাশাপাশি পর্যায়ক্রমে বায়োমেট্রিক ফেস রিকগনিশন প্রযুক্তি চালু করতে হবে।

আদেশে বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা উপস্থিতি যাচাই ও নিশ্চিত করার পরই কেবল চিকিৎসকদের বেতনের বিল অনুমোদন করা হবে। যদি কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বেতন বন্ধ থাকবে।

এ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রতি সপ্তাহেই হাজিরার প্রতিবেদন পরিচালক (প্রশাসন) বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ