ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থ হওয়ার আগের দিনও তিনি হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। পরদিন তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব পালনের কথা ছিল। তবে সেই দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মৃত্যু হলো।
তার মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের আবহ নেমে এসেছে। সহকর্মীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের। চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৯০ জন, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ।
এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। অন্যদিকে মৃতদের মধ্যে পুরুষ ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।
মতামত দিন