Views Bangladesh Logo

পশুর হাটে নারীদের জন্য ‘পিংক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসির

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার পশুর হাটগুলোতে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ (গোলাপি রঙের আলাদা শৌচাগার) নির্মাণের নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। একই সঙ্গে হাটের কারণে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ বা যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২০ মে) সকালে ডিএনসিসির নগর ভবনে কোরবানির পশুর হাটের ইজারাদারসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএনসিসি প্রশাসক এই নির্দেশনা দেন।

সভায় মো. শফিকুল ইসলাম খান বলেন, পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনোভাবেই জনদুর্ভোগ কিংবা যানজটের সৃষ্টি না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন কঠোর নজরদারি বজায় রাখবে। হাট ব্যবস্থাপনায় ইজারার কোনো শর্ত ভঙ্গ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাটের পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ করতে হবে, যাতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ