ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা দেখে ডিএনসিসি প্রশাসকের অসন্তোষ
নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার ডিএনসিসির বিভাগীয় প্রধানদের সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রশাসক জনগণকে সচেতন করার মাধ্যমে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।
ডিএনসিসির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন প্রশাসক। পরে বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাসে করে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন তিনি।
পরিদর্শনকালে উত্তরা সেন্টার, দিয়াবাড়ি মেট্রোরেল, ডিএনসিসির মিয়াকো বন, ক্যান্টনমেন্ট, মিরপুর-১২ ও পল্লবী, কালশী, ইসিবি চত্বর, বনানী, কাকলি, মহাখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের এলাকা, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, হোটেল সোনারগাঁও, আসাদগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকা ঘুরে দেখেন তিনি।
এ সময় উত্তরার মেট্রোরেল, দিয়াবাড়ি খাল, মিয়াকো বন, ডিএনসিসির সেন্টার পয়েন্ট নার্সারি বন এবং সংসদ ভবন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক। একই সঙ্গে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতিও পর্যালোচনা করেন। এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানসহ সংস্থাটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন