হাসপাতালের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের
রাজধানীর হাসপাতালগুলোর মেডিকেল বর্জ্য যথাযথ নিয়ম ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংরক্ষণ এবং অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, হাসপাতালের মেডিকেল বর্জ্য অবশ্যই নির্ধারিত নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে সংরক্ষণ ও অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। তবে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এই হাসপাতালে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করলে ডিএনসিসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, গ্রিন স্পেশালাইজড হাসপাতালে দক্ষ চিকিৎসক রয়েছেন। প্রয়োজন হলে হাসপাতালটির উন্নয়নে ডিএনসিসি আরও সহযোগিতা দেবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা যাতে একটি ভালো পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে ডিএনসিসি হাসপাতালটির পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
মতামত দিন