Views Bangladesh Logo

চাকরি বিধিমালা কার্যকরের দাবি ডিএমটিসিএল কর্মীদের, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদের সভায় স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা (সার্ভিস রুলস) কার্যকরের সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি গঠনের পর এক যুগ পার হলেও ৯০০-এর বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন ও কার্যকর করা হয়নি। ২০২২ সালে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে কর্মীরা নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করলেও চাকরি বিধিমালা না থাকায় চাকরির নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমে অনিশ্চয়তা, বৈষম্য এবং অস্বচ্ছতা তৈরি হয়েছে।

কর্মীদের দাবি, দেশের অন্যান্য সমমানের সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সার্ভিস রুলস কার্যকর থাকলেও ডিএমটিসিএলে তা না থাকায় প্রশাসনিক বৈষম্য সৃষ্টি হয়েছে, যার প্রভাব প্রতিষ্ঠানের কার্যক্রম ও যাত্রীসেবার ওপরও পড়ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচালনা পর্ষদের ৭৫তম সভায় সার্ভিস রুলস অনুমোদন পেলেও এখনো তা কার্যকর হয়নি। এ বিষয়ে একাধিকবার ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হলেও আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ অবস্থায় ২৮ জুলাই থেকে নিয়মিত কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানান, ৩০ জুলাইয়ের বোর্ড সভায় চাকরি বিধিমালা কার্যকরের সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হলে তার দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ