Views Bangladesh Logo

ট্রাফিক জরিমানার নামে ভুয়া এসএমএস, সতর্ক করলো ডিএমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়া ভুয়া ট্রাফিক জরিমানার এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, ট্রাফিক বিভাগের নামে পাঠানো এসব খুদে বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।

সোমবার (২৫ মে) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ট্রাফিক জরিমানা আদায়ের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ভুয়া এসএমএস ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ডিএমপির ট্রাফিক বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, এসব বার্তার সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনও যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি চালক বা মালিকের নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হয়। এছাড়া বিশেষ প্রয়োজনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং সেবা ‘উপায়’ ও ইউসিবিএলের মাধ্যমে বৈধভাবে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে।

ডিএমপি জোর দিয়ে জানিয়েছে, ট্রাফিক বিভাগ কখনও কোনও ব্যক্তির কাছে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি জানতে চায় না। তাই এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্রাফিক সংক্রান্ত সঠিক তথ্য জানতে ডেল্টা-৩ অথবা ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।

একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্যও নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ