১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে নয় ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) নিয়াজ মেহেদী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ডিএমপির নেওয়া নয় ধরনের নিরাপত্তাব্যবস্থা হলো—
১. পিকেট ও চেকপোস্ট: রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্টে দায়িত্ব পালন করা হচ্ছে।
২. প্রবেশপথে তল্লাশি: মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
৩. ডিবি ও সিটিটিসি মোতায়েন: গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যরা বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।
৪. বিশেষায়িত ইউনিটের অভিযান: সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করবেন।
৫. গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি: গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
৬. সাদাপোশাকে গোয়েন্দা তৎপরতা: কাউন্টার টেররিজম অ্যান্ড স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি) ও ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের (আইএডি) সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি দল মোতায়েন থাকবে।
৭. কুইক রেসপন্স টিম: যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন থাকবে।
৮. গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী: নিয়মিত মোতায়েনের বাইরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিপণিবিতানসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন থাকবেন।
৯. মাঠপর্যায়ে তদারকি: ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।
ডিএমপি জানিয়েছে, এসব বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
মতামত দিন