Views Bangladesh Logo

গাবতলী–মহাখালী–সায়দাবাদ ছাড়া ঢাকার সব বাস কাউন্টার সরানোর নির্দেশ ডিএমপির

ঢাকা মহানগরের ভেতরে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ—এই তিনটি নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য সব স্থানে থাকা আন্তঃজেলা বাসের কাউন্টার সাত কার্যদিবসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণ জরুরি হয়ে পড়েছে।

ডিএমপি জানায়, অবৈধভাবে এসব কাউন্টার স্থাপন ও পরিচালনার কারণে সড়কে বাস পার্কিং, যাত্রী ওঠানামা এবং অন্যান্য কার্যক্রমের ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে রাতের সময়েও রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায়, গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বিদ্যমান সব কাউন্টার সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে অপসারণ বা উচ্ছেদ করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৭, ৪৭, ৮২ ও ৯০ ধারাসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং সংশ্লিষ্ট মালামাল জব্দসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ