রাজধানীতে শব্দদূষণ ঠেকাতে ডিএমপির বিশেষ অভিযান
রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে জনসচেতনতা বাড়াতে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চালক ও মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং শব্দদূষণের স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। তাই রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির উদ্যোগে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিকদের আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
মতামত দিন