লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি
রাজধানী ঢাকায় লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত ‘ইকোনমিক লাইফ’ অতিক্রম করা যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানায়, বর্তমানে কিছু লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যবাহী যানবাহন রাজধানীতে চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, উড়ালসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত সব ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী মোটরযানের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়া বিশেষ করে লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল অব্যাহত থাকলে সেগুলোর বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে