সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় মামলা চালু
ঢাকা মহানগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর কয়েকটি সড়কে আধুনিক প্রযুক্তির সিগন্যাল বাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে এআই-নির্ভর উন্নত সিসিটিভি ক্যামেরাও।
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এসব ক্যামেরায় ভিডিও ও স্থিরচিত্র আকারে ধারণ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া হচ্ছে, যা আজ বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এই ব্যবস্থায় ট্রাফিক আইন ভাঙলে সংশ্লিষ্ট ব্যক্তির অজান্তেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাবে।
জানা গেছে, রাজধানীর শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কাওরানবাজার ও বিজয়সরণি থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে এআই-নির্ভর সিসিটিভি ক্যামেরা ও সিগন্যাল বাতি স্থাপন করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
চলাচলের সময় কোনো যানবাহন লাল সিগন্যাল অমান্য করলে, নির্ধারিত লাইন অতিক্রম করলে বা বাম লেনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই-নির্ভর ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বরপ্লেট স্ক্যান করে মামলা তৈরি করছে। মামলার তথ্য মালিকের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।
এ বিষয়ে ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জনসচেতনতামূলক বার্তা দিচ্ছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, আজ সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে স্বয়ংক্রিয় মামলা কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে এবং সংক্রান্ত নোটিশ ডাকযোগে মালিক ও চালকদের কাছে পাঠানো হবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির মতো আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে