ঈদযাত্রা ঘিরে জরুরি নির্দেশনা জারি ডিএমপির
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় কিছু নির্দেশনা দিয়ে জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে খাদ্য, ওষুধ, সার ও জ্বালানিসহ জরুরি পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
এছাড়া ১৬ মার্চ থেকে জরুরি প্রয়োজন না হলে অন্যান্য যানবাহনকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-কেরানীগঞ্জ সড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং বিভিন্ন বাস টার্মিনালের সংযোগ সড়ক এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, বাসগুলোকে শুধুমাত্র নির্ধারিত টার্মিনাল বা অনুমোদিত স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করাতে হবে। সড়কের ওপর যাত্রী ওঠানামা করানো যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, একই আসন একাধিক যাত্রীর কাছে বিক্রি করা এবং বাসের ছাদে যাত্রী বহন করা কঠোরভাবে নিষিদ্ধ।
চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে এবং বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা ফিটনেসবিহীন যানবাহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো মালিকই চালকদের টানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করতে পারবেন না।
অন্যদিকে যাত্রীদেরও কিছু নির্দেশনা মানতে বলা হয়েছে। নির্ধারিত টার্মিনাল থেকেই গাড়িতে উঠতে হবে, নিজ নিজ মালামাল নিজের দায়িত্বে রাখতে হবে এবং রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে টার্মিনাল পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ঈদ উপলক্ষে ঢাকার বাইরে যাওয়া প্রায় দেড় কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে