Views Bangladesh Logo

রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড জোরদার, মোহাম্মদপুরে বিশেষ অভিযান

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড (অভিযান) জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরউদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে সহিংসতা ও অস্থিরতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সিআইডিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সম্প্রতি ডিএমপির তেজগাঁও বিভাগের এক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধে মোট ৯ হাজার ২৫৯ জনকে গ্রেপ্তার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া রাজধানীর ১১টি থানায় মার্চ মাসে মোট ২ হাজার ৬২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মোহাম্মদপুরে ৬৭৪ জন, হাজারীবাগে ৪৯৪ জন, নিউমার্কেটে ৫১ জন, মিরপুরে ৪৬৯ জন, শাহবাগে ১৫৯ জন, বংশালে ১৩২ জন, লালবাগে ১২৮ জন, উত্তরা পশ্চিমে ২৩৪ জন, ধানমন্ডিতে ৬৭ জন, বাড্ডায় ১১৫ জন এবং মতিঝিলে ১০২ জন গ্রেপ্তার হন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, “টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ধারাবাহিক অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং পুলিশ-জনগণের সমন্বিত সহযোগিতার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের তুলনায় দেশের পরিস্থিতি অনেক ভালো।”

তিনি আরও বলেন, “অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ