রাজধানীতে ট্রাফিক আইনে বিশেষ অভিযান, একদিনে ১ হাজার ৭৪৪ মামলা
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১৯টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৭টি মোটরসাইকেলসহ মোট ৮৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ৪৭টি বাস, একটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি এবং ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৮টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা করা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, তিনটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২১২টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ৩৩টি বাস, ২২টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৮২টি মামলা করা হয়েছে।
এ ছাড়া উত্তরা বিভাগে ৮৩টি বাস, নয়টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি এবং গুলশান বিভাগে ৪৩টি বাস, সাতটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৯টি মামলা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত দিন