রাজধানীর প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
অপরাধ দমন ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সংবেদনশীল এলাকায় ব্লক চেকসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। সভায় রাজধানীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন এবং তা নিয়ন্ত্রণে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। প্রতিটি এলাকায় দায়িত্ব সুনির্দিষ্টভাবে ভাগ করে দিয়ে পুলিশি তৎপরতা নিশ্চিত করতে হবে, যাতে কোথাও নিরাপত্তার ঘাটতি বা দায়িত্ব পালনে শূন্যতা তৈরি না হয়।
রাজধানীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেন ডিএমপি কমিশনার। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নিয়মিত অতিথিদের তথ্য সংগ্রহ এবং প্রয়োজনের সময় যাতে দ্রুত এসব তথ্য পাওয়া যায়, সে জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে ঢাকায় এসে অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সে জন্য রাজধানীর প্রবেশপথগুলোতে নজরদারি বাড়াতে হবে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ব্লক চেক পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি আইনানুগভাবে পর্যবেক্ষণ করতে হবে। অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আগেই অপরাধ প্রতিরোধের ওপর জোর দেন তিনি।
সভায় আগস্ট মাসে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার জন্য ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন