রাজধানীতে কালো ধোঁয়ার বিরুদ্ধে ডিএমপির অভিযান, জুলাইয়ে ৯১৫ মামলা
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসব মামলার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।
ডিএমপি জানিয়েছে, বায়ুদূষণ কমানো এবং যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত মাসজুড়ে দূষণকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জুলাইয়ে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্ধারিত মাত্রার বেশি কালো ধোঁয়া নির্গতকারী যানবাহন শনাক্ত করে মামলা দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল এলাকায়। ওই বিভাগে কালো ধোঁয়া নির্গমনের অভিযোগে মোট ৩৫৪টি মামলা করা হয়েছে।
ডিএমপি বলছে, রাজধানীর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন