সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জনের অনুরোধ ডিএমপির
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরে দুর্গাপূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জনের অনুরোধও জানিয়েছেন তিনি।
এ বছর দক্ষিণ সিটিতে ১৩১টি ও উত্তর সিটিতে ১২২টিসহ ঢাকা মহানগরে ২৫৩টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) পাঁচদিনের শারদীয় দুর্গোৎসবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, ১৩ অক্টোবর বিজয়া দশমীতে উৎসব শেষ হতে যাচ্ছে। পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী, ওয়াইজঘাট, ডেমরা শীতলক্ষা নদীসহ প্রতিমা বিসর্জনের ১৫টি স্থান নির্ধারণ করা হয়েছে।
এই সুনির্দিষ্ট জায়গাগুলোতেই বিসর্জনের সব কার্যক্রম সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করার অনুরোধ করে কমিশনার জানান, পূজামণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ। একই সাথে পটকা ও আতশবাজিসহ বিসর্জন শোভাযাত্রায় উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার না করারও অনুরোধ জানান।
যারা সাঁতার জানেন না তাদেরকে পানিতে না নামারও অনুরোধ জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে স্থায়ী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি থানা পুলিশের নিজস্ব টহল ও চেকপোস্ট এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ও মেটাল ডিটেকটরের মাধ্যমে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে।
পূজামণ্ডপে আয়োজকদের স্বেচ্ছাসেবক দল থাকার কথা জানিয়ে তিনি জানান, সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন থাকবে। অগ্নিনির্বাপণ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
একই সাথে সশস্ত্র বাহিনীর সদস্যসহ র্যাব ফোর্সেস বাহিনীও টহলসহ সব ধরনের নিরাপত্তা দেবে।
তিনি জানান, বিসর্জন শোভাযাত্রায়ও পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় নিরাপত্তা দেবে নৌ-পুলিশ, ফায়ার ব্রিগেডসহ অন্যরাও।
সংবাদ সম্মেলনের আগে ডিএমপির সিটিটিসির সোয়াট, বোম্ব ডিসপোজাল টিম ও কে-নাইন টিম উদ্ভূত জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার মহড়া প্রদর্শন করে।
এ সময় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির নেতাসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে