Views Bangladesh Logo

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর সংলগ্ন এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দূষণকারী পদার্থ বহন এবং যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্কুলার ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।

এছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি পর্যটন ক্রসিং হয়ে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও অলিগলিতে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ