ডিএসসিসির ড্রেন পরিষ্কারে নেমে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার ডুবুরির মরদেহ
রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়া মিলন নামের এক ডুবুরির মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগোলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাস্তার বিভিন্ন অংশ কেটে এগিয়ে গিয়ে উদ্ধারকর্মীরা মরদেহটি বের করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আজ বেলা ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। এর মধ্যে ডুবুরি মিলন একটি ম্যানহোলে নেমে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর তার সঙ্গে সংযুক্ত নিরাপত্তা রশি ছিঁড়ে গেলে সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। দীর্ঘ সময়েও সন্ধান না মেলায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেন, এরপর শুরু হয় উদ্ধার অভিযান।
নলগোলা থেকে প্রায় ৪০০ মিটার সামনের দিকে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তার মরদেহ শনাক্ত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক রাশেদুর রহমান রাসেল জানান, গতকাল বেলা ১টার পর তারা নিখোঁজের খবর পান, এরপর ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। আজ নলগোলা থেকে বেড়িবাঁধমুখী অংশে রাস্তা কেটে চালানো অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।
সিটি করপোরেশনের উপস্থিত কর্মীরা জানান, এই কাজের ঠিকাদার ছিলেন বাবু নামের একজন ব্যক্তি, আর মাঠপর্যায়ে কাজ তদারক করছিলেন মোনা। স্থানীয়ভাবে সবাই নিহত মিলনকে 'ডুবুরি মিলন' নামে চিনতেন। ঘটনার পর ড্রেন পরিষ্কারের কাজে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজ করানোর বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে।
মতামত দিন