Views Bangladesh Logo

‘গেম অব থ্রোন্স’র আদলে জামায়াত আমিরের ব্যানার ঘিরে আলোচনা

ট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে টাঙানো একটি ব্যানার ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ব্যানারটিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি ও জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোন্স’-এর বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করা হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানারটি চট্টগ্রামের বড়পোল ও চকবাজার এলাকায় দেখা গেছে। এতে তিনি তলোয়ার আকৃতির দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে আছেন। ব্যানারের ওপরে লেখা ‘উইন্টার ইজ কামিং’ এবং নিচে কার্টেসি হিসেবে উল্লেখ আছে ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’। এই ব্যানার সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহ ও বিতর্কের জন্ম দিয়েছে।

তবে ব্যানারটির সঙ্গে জামায়াতে ইসলামীর বা ইসলামী ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজ থেকে এসব ছবি ভাইরাল হয়েছিল। সেখান থেকেই কেউ হয়তো সেগুলো প্রিন্ট করে ব্যানার আকারে টাঙিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি তিনি আগে শোনেননি এবং সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার টাঙানো হয়নি। যেহেতু বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, তাই খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দেশব্যাপী সফরের ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ সফরে তিনি কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠসহ পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এই সফরকে কেন্দ্র করেই আলোচিত ব্যানারগুলো টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ