Views Bangladesh Logo

দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন।


মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু মৃত্যুর খবর নিশ্চিত করেন।


তওফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিভার জটিলতা ও স্ট্রোক-পরবর্তী সমস্যায় ভুগছিলেন। এবছরের মে মাস থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


তৌফীক নাওয়াজ ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক বিরোধ ও মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পেশায় যুক্ত ছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষে তেংরাটিলা গ্যাসক্ষেত্রের বিস্ফোরণ নিয়ে নিকো রিসোর্সেসের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবির মামলাতেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন।


দীর্ঘদিন ধরে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯০-এর দশকে সংগঠনটির বাংলাদেশ অধ্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তার ভূমিকা ছিল এবং তিনি টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য ও একপর্যায়ে সেক্রেটারি জেনারেলের দায়িত্বও পালন করেন।


আইন পেশার পাশাপাশি সংগীতের প্রতিও তার আগ্রহ ছিল। তিনি শাস্ত্রীয় সংগীতচর্চা ও বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত ছিলেন।


২০১৯ সালে মস্তিষ্কে স্ট্রোকের পর তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তিনি কয়েক সপ্তাহ অচেতন অবস্থায় ছিলেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছিল।


তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিভার জটিলতা ও স্ট্রোক-পরবর্তী সমস্যায় ভুগছিলেন। এবছরের মে মাস থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


তৌফীক নাওয়াজের মৃত্যুতে আইন অঙ্গন ও তার পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. দীপু মনি ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুতে তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি বলেন, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে। এর আগেও মে মাসে অসুস্থ স্বামীর পাশে থাকার জন্য তিনি প্যারোলে মুক্তি চান।


তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ