Views Bangladesh Logo

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৮ মিনিটে তাঁকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বুধবার দীপু মনির প্যারোলের আবেদন মঞ্জুর করেন। আদেশ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত ছিলেন।

প্যারোলে মুক্ত থাকার সময় দীপু মনি ঢাকার কলাবাগানের বাসভবনে গিয়ে প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখেন। পরে গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজায় অংশ নেন এবং বনানী কবরস্থানে দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন।

দীপু মনির আইনজীবী ফয়সাল ইসলাম জানান, তাঁরা চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। তবে জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলের আবেদন মঞ্জুর করেছেন।

তিনি বলেন, দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তাঁর স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তির সুযোগ পান তিনি।

আইনজীবী জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় পুলিশ পাহারায় দীপু মনিকে কারাগার থেকে নিয়ে যাওয়া হয়। প্যারোলের পুরো সময় তিনি পুলিশ পাহারায় ছিলেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সকালে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ কলাবাগানের নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দীপু মনি স্বামীর মরদেহ শেষবারের মতো দেখেন। পরে মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্যারোলে মুক্তির আইনগত ভিত্তি সম্পর্কে ফয়সাল ইসলাম বলেন, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। সেই বিধান অনুযায়ী দীপু মনি ১২ ঘণ্টার প্যারোল পেয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ