Views Bangladesh Logo

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাস ভবনে দীপু মনি

স্বামী তৌফিক নাওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকায় আনা হয়। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সকাল ৬টা ১৫ মিনিটে একটি ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকার উদ্দেশে রওনা হন দীপু মনি। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে তিনি রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, নিরাপত্তাব্যবস্থার মধ্যেই দীপু মনি বাসায় পৌঁছেছেন। তাকে ঘিরে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্যারোলের সময় তিনি বাসাতেই অবস্থান করছেন।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হয়েছিল। তবে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী, দীপু মনিকে দিনের আলোর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

তিনি আরও জানান, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে দীপু মনি যাবেন। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে। ২০২৪ সালের ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। দীর্ঘদিন ধরে তিনি মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন।

তৌফিক নাওয়াজের মৃত্যুতে শেষবারের মতো স্বামীর পাশে থাকার সুযোগ পেয়েছেন দীপু মনি। এ উপলক্ষে তার বাসা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি চব্বিশের আন্দোলনের পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে আটক আছেন। তার স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) মারা যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ